স্টাফ রিপোর্টারঃ
চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যেই পুরোপুরি ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার সকালে আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সরকার সব পাসপোর্ট ইলেকট্রনিক পাসপোর্টে রূপান্তর করার চেষ্টা করছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘চলতি বছরই ই-পাসপোর্টের কাজ সম্পন্ন করা হবে। আমার দায়িত্বকালেই এ কাজ শেষ করে যেতে চাই।’
সেবার মান বাড়ানোর কথা বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘পাসপোর্ট পেতে এখনো বেশি সময় লাগে। কাজ দ্রুত করার কথা বলেছি।’ তবে রোহিঙ্গারা যাতে কোনোভাবেই বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করার সুযোগ না পান সেটা নিয়েও সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি।
এসময় পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সবার সাথে আলাপের মাধ্যমে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। উঠায় দিলে কি লাভবান হবো কি সমস্যায় পড়বো সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এছাড়া বাংলাদেশে ভিসা ছাড়া যারা অবস্থান করছেন, ৩১ জানুয়ারির মধ্যে তারা ভিসা সংগ্রহ না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সবা:স:জু- ৬৬৭/২৫
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত