স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বয়সভিত্তিক ও জাতীয় দল মিলিয়ে মোট ৮ বছর ৮ মাস নির্বাচকের দায়িত্ব পালন করছেন হান্নান সরকার।
সর্বশেষ জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালনকালে চাকরি থেকে অব্যাহতি নেন তিনি। এবার যোগ দিলেন নতুন পেশায়।
বিসিবি থেকে দায়িত্ব ছাড়ার সময়ই হান্নান জানিয়েছিলেন, কোচিংয়ে যোগ দেবেন তিনি। এবার ঘরোয়া লিগের অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনীর প্রধান কোচ হিসেবে নতুন কাজ শুরু করলেন তিনি।
আজ শুক্রবার (৭ জানুয়ারি) এ তথ্য তিনি নিজেই নিশ্চিত করেছেন।
আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবাহনীর হয়ে কাজ শুরু করবেন হান্নান। ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব সামলাবেন সাবেক এই ক্রিকেটার। তার সঙ্গে সহকারী কোচ হিসেবে আবাহনীতে কাজ করবেন তারেক আজিজ খান।
এর আগে বিসিবির চাকরি ছাড়া প্রসঙ্গে হান্নান বলেছিলেন, ‘আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে দায়িত্ব ছাড়ছি। আমার কাছে মনে হয়েছে যে ভবিষ্যতে কোচিংয়ে গেলে আমি যতটুকু উপকৃত হব, আমার থেকে বাংলাদেশ ক্রিকেটও উপকৃত হবে। তো আমার মনে হয়েছে যে এখনই (বিসিবির পদ) ছাড়ার সঠিক সময়। এখন মনে হচ্ছে যে লোকাল কোচদের ওপর বিসিবির আলাদা একটা নজর আছে এ কারণেই।’
তবে হুট করেই নয়, বিসিবির সঙ্গে আগে থেকে বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন হান্নান, ‘এই আলোচনাটা গত তিন মাস ধরে চলছিল বিসিবির সঙ্গে। এটা আমার একদিন বা দুই দিনের সিদ্ধান্ত না। এটা তিন মাস যাবৎ বিসিবির সঙ্গে কথা হচ্ছিল। সবমিলিয়ে সামনে যেহেতু ডিপিএল আছে এখনই সঠিক সময় ছাড়ার। ডিপিএল দিয়ে শুরু করব কোচিং ক্যারিয়ার, সামনে বিসিএল আছে, এইচপি ক্যাম্প হতে পারে বা এসসিএল।’
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত