ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক যুবককে ধর্ষণের প্রত্যয়নপত্র দিয়েছেন স্থানীয় চেয়ারম্যান। উপজেলার মাইজবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল এমন প্রত্যয়নপত্র দিয়েছেন বলে জানা গেছে। মো. শরীফ মিয়া (২২) নামে এক যুবককে ধর্ষক হিসেবে আখ্যায়িত করে এ প্রত্যয়নপত্র দেওয়া হয়। এমন ঘটনায় এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে। এমন প্রত্যয়নপত্র দেওয়ার বিষয়টি স্বীকার করেছে মাইজবাগ ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল।
তিনি জানান সমাজের ভালো মানুষের পাশাপাশি খারাপ মানুষ রয়েছে। কিন্তু খারাপ মানুষকে কখনো খারাপ হিসেবে প্রত্যয়নপত্র দেওয়া হয় না। কিন্তু আমার মতে সমাজে অপরাধ প্রবণতা কমাতে খারাপ মানুষকে খারাপ হিসেবে প্রত্যয়নপত্র দেওয়া উচিৎ। এতে অপরাধ প্রবণতা কমবে। তাই খারাপ হিসেবে শরীফকে সেই প্রত্যায়নপত্র দেওয়া হয়েছে। গত ১৪ জুলাই উপজেলার তারাটি গ্রামের মো. আব্দুল বারেক মিয়ার ছেলে মো. শরিফ মিয়ার (২২) বিরুদ্ধে মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে প্রত্যয়নপত্র সংগ্রহ করতে যান ধর্ষিতার স্বজন জাহাঙ্গীর আলম। পরে চেয়ারম্যান তাকে প্রত্যয়নপত্র দেন।
প্রত্যয়নপত্রে ইউপি চেয়ারম্যান উল্লেখ করেন, মো. শরীফ মিয়া পিতা: বারেক মিয়া, আমার জানা মতে তিনি ইতোপূর্বে এক কিশোরীকে ধর্ষণ করতে না পেরে বাড়িতে আগুন লাগিয়ে দেন। তিনি একজন দুষ্কৃতকারী এবং দুশ্চরিত্রের। তাছাড়া কিছুদিন আগে তিনি চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন। তিনি সামাজিক বা আইনের কোনো তোয়াক্কা করেন না। আমি তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি। মাইজবাগ ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল বলেন, ২০২৩ সালে শরীফ তার বাড়ির পাশে এক মেয়েকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে তাদের বাড়িঘরে আগুন দেয়। চলতি বছরেও সে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে। পরে আদালত ধর্ষিতার পরিবারের কাছে চেয়ারম্যানের প্রত্যয়নপত্র চান। সে কারণে প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে। আমি মনে করি এতে সমাজে অপরাধ প্রবণতা কমবে।
ধর্ষণের প্রত্যয়ন পাওয়া শরীফ এ বছরের গত ১৩ জুন একই এলাকার এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর ছাত্রীর বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় শরীফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এদিকে গত (১ আগস্ট) শুক্রবার রাতে নারায়নগঞ্জের রুপগঞ্জ থেকে র্যাব-১ শরীফকে গ্রেপ্তার করে ময়মনসিংহ র্যাব-১৪ কাছে হস্তান্তর করে। ঈশ্বরগঞ্জ থানা পুলিশ পরের দিন শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত