নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর বহুল আলোচিত ‘মাদক সম্রাজ্ঞী রমা বিশ্বাস’ এর বিরুদ্ধে অবৈধ মদ, ইয়াবা ব্যবসা, ক্যাডার বাহিনী পরিচালনা, মানি লন্ডারিংসহ নানা অভিযোগ উঠেছে। নামমাত্র লাইসেন্সের আড়ালে গড়ে তুলেছেন কোটি কোটি টাকার সাম্রাজ্য।রমার স্বামী অনুপ বিশ্বাস বৈধ লাইসেন্স নিয়ে কোতোয়ালী থানার ফিশারিঘাট এলাকার ১২৮ নম্বর ইকবাল রোডে চালু করেন মদের মহাল। ২০০৫ সাল থেকে এই বৈধ লাইসেন্সের আড়ালে শুরু হয় চোলাই মদ ও ইয়াবার ব্যবসা।
শুরুর দিকে এলাকার যুবকদের বিনামূল্যে মদ সরবরাহ করে আসক্ত বানানো হতো। পরে সেটি বিক্রি করে ব্যবসা প্রসারিত হয়।নিজ এলাকাতেই রমা তৈরি করেন একটি ক্যাডার বাহিনী, নেতৃত্বে ছিল তার সহযোগী সাগর দাশ। প্রতিবাদ করলেই ঝাঁপিয়ে পড়তো এই বাহিনী। জানা যায়, সাগরের বিরুদ্ধে মাদক আইনে ৭–৮টি মামলা আদালতে বিচারাধীন।
২০২১ সালের ৩০ এপ্রিল অনুপ বিশ্বাসের মদের মহালে পুলিশ অভিযান চালিয়ে ২০০ লিটার মদসহ কয়েকজনকে আটক করে। কিন্তু ‘অদৃশ্য শক্তির’ প্রভাবে দ্রুত মুক্তি পান তারা। র্যাব-পুলিশের একাধিক অভিযানে মাদক উদ্ধার হলেও ব্যবসা বন্ধ হয়নি।
রমা ও তার পরিবার এখন কোটি কোটি টাকার সম্পদের মালিক।
দমদম ভিআইপি রোডে বিলাসবহুল বাড়ি
দামী ব্র্যান্ডের গাড়ি
দার্জিলিংয়ে সন্তানদের বিলাসী জীবনযাপন
নিয়মিত ভারত যাতায়াত ও জমি ক্রয়
হুন্ডির মাধ্যমে অর্থ পাচার।স্থানীয়রা জানান, বাংলা মদের ব্যবসা করেই রাতারাতি ‘মাদকের রানি’ হয়ে ওঠেন রমা।বিগত সরকার আমলে রাজনৈতিক নেতাদের হাত ধরে ফুলেফেঁপে ওঠে রমার ব্যবসা। এর বিনিময়ে নেতারা দামী উপহার পেতেন। এলাকাবাসীর অভিযোগ, কিছু অসৎ পুলিশ কর্মকর্তাও তাকে সহায়তা করেছেন।ভেজাল মদে মৃত্যুর ঘটনা ঘটলেও রমার প্রভাবশালী দাপটে পুনরায় ব্যবসা চালুর চেষ্টা চলছে। নামমাত্র লাইসেন্স বাতিল হলেও তিনি অন্য প্রতিষ্ঠানের নামে মদ ব্যবসা খোলার তোড়জোড় করছেন।প্রতিবেদকের ফোন রিসিভ করে কেটে দেন রমা বিশ্বাস। এমনকি সংবাদ প্রকাশ করলে ‘দেখে নেওয়া হবে’ বলে হুমকিও দেন তিনি।স্থানীয়রা বলছেন, “বহু মানববন্ধন, প্রতিবাদ সত্ত্বেও রমার ব্যবসা বন্ধ হলেও চোরাই ভাবে তিনি ব্যাবসা করে চলেছেন।
প্রশাসনের কঠোর পদক্ষেপ ছাড়া এ সাম্রাজ্য ভাঙা সম্ভব নয়।”
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত