শাহরিয়ার ইসলাম॥
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা, বর্তমানে কানাডায় অবস্থানরত আলা উদ্দিন (৩৮) অভিযোগ করেছেন যে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট জাহাঙ্গীর আলম তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ‘উদ্দিন রেস্টুরেন্ট’ও পারিবারিক জমি জোরপূর্বক দখল করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে।
আলা উদ্দিন দাবি করেন যে, জাহাঙ্গীর ও তার সহযোগীদের হয়রানির কারণে তার মা ও এক ভাই দেশ ছেড়ে কানাডায় চলে যান এবং আরেক ভাই নিখোঁজ রয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, তাদের পারিবারিক জমি জোরপূর্বক দখলের অভিযোগে তার মা একটি মামলা দায়ের করেছিলেন। পরবর্তীতে সেই মামলার কার্যক্রম চালিয়ে যাওয়ায় তাকেও বিভিন্নভাবে চাপ ও হুমকির মুখে পড়তে হয়। একপর্যায়ে নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে তাকেও দেশ ছাড়তে হয় বলে তিনি উল্লেখ করেন।
আলা উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে তার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল এবং ধীরে ধীরে তার ব্যবসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালানো হয়। সম্প্রতি জাহাঙ্গীর ও তার সহযোগীরা আলা উদ্দিনের রেস্টুরেন্টে প্রবেশ করে কার্যক্রম বন্ধ করে দেয় এবং নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বলে তিনি অভিযোগ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটির পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই বিষয়টিকে প্রভাবশালী মহলের ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন। তবে কয়েকজন স্থানীয় ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি নিয়ে ভিন্নমতও রয়েছে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন।
এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আলা উদ্দিন আরও বলেন, তিনি তার ব্যবসা ও সম্পত্তি পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। একই সঙ্গে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।
সচেতন মহল মনে করছে, এ ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি জনসাধারণের আস্থা অটুট থাকে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত