ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতঘরে লাগা আগুনে দাদি ও নাতনি নিহত হয়েছেন। একই সঙ্গে পুড়ে গেছে ছয়টি বসতঘর। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেট সংলগ্ন কাদেরীয়াপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন এসব পরিবারের অনেকেই ঘুমন্ত অবস্থায় ছিলেন।
নিহতরা হলেন ওই গ্রামের রুহুল আমিনের স্ত্রী রুমি আক্তার (৫৫) ও তার নাতনি মো. সুমনের শিশুকন্যা জান্নাত আক্তার (৫)। এ ছাড়া আগুনে মো. কায়েস আহম্মেদ, মনসুর, ময়নুল আহম্মদ, সংজি, এসকান্দার ও শিরিন আক্তারের একাধিক কক্ষবিশিষ্ট বিভিন্ন পরিমাপের ৬টি কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় দাদি ও নাতনিসহ দুজনের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভোরে পোমরা কাদেরীয়াপাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে একটি বসতঘরে আটকা পড়ে রুমি আক্তার ও জান্নাত আগুনে পুড়ে মারা যান।
ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।রাঙ্গুনিয়া থানার ওসি আরমান হোসেন জানান, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত