ডেস্ক রিপোর্টঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী আব্দুল খালেকের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ঠিকাদার বিল সংক্রান্ত ফাইলে স্বাক্ষরের জন্য উপজেলা প্রকৌশলী আব্দুল খালেকের হাতে টাকা তুলে দিচ্ছেন।ভিডিওতে ঠিকাদারকে বলতে শোনা যায়, স্যার রাখেন এইটা স্যার, আমার কাছে পাঁচ হাজার টাকা নাই স্যার, তিন হাজার টাকাই আছে। এইটাই রাখেন। বিলের ফাইল সিগনেচারের সময় ৪৫ হাজার টাকা তো নিলেনই আমার কাছ থেকে।
এ সময় একই ভিডিওতে উপজেলা প্রকৌশলী আব্দুল খালেককে বলতে শোনা যায়, আমি সই করলে ইউএনও সই করবে, আমি সই না করলে ইউএনও ফাইলে সই করবে না। ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয় ঠিকাদার, সচেতন নাগরিক এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম ও দুর্নীতির নগ্ন প্রমাণ হিসেবে উল্লেখ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে নানা প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত