ডেস্ক রিপোর্টঃ
বিএনপি চেয়ারপারসন ও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। তার স্মরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন দিনের শোক কর্মসূচি ও পূর্বনির্ধারিত ছাত্র সংসদ নির্বাচন স্থগিতসহ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ৩০ডিসেম্বর অনুষ্ঠিতব্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে; ৩১ডিসেম্বর থেকে ২ জানুয়ারি ২০২৬পর্যন্ত টানা তিন দিন বিশ্ববিদ্যালয়ের সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে; সরকারের পক্ষ থেকে সাধারণ ছুটি ঘোষণার প্রেক্ষিতে ৩১ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, মরহুমার জানাজায় শরিক হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ পরিবহন বা বাসের ব্যবস্থা করা হয়েছে; ১জানুয়ারি ২০২৬ সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে, তবে প্রশাসনিক দপ্তরগুলো যথারীতি খোলা থাকবে; ২ জানুয়ারি শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া পরবর্তী সময়ে তার বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর একটি বৃহৎ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ৩০ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করছে বিশ্ববিদ্যালয় পরিবার।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত