নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর কাফরুল থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ মাহমুদুর রহমান খান ওরফে সনি নামে এক যুবককে আটক করেছে র্যাব। গত বুধবার (৭ জানুয়ারি) কাফরুল থানাধীন সেনপাড়া এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। তিনি ওই বাসায় ভাড়া থাকতেন।
র্যাব-৪ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য দেশব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল কাফরুলের সেনপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালায়।
এ সময় বাসার মালিক মাহমুদুর রহমান খান ওরফে সনি কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার দেয়া তথ্যে শোয়ার খাটের নিচে লুকিয়ে রাখা ব্যাগে একটি অবৈধ বিদেশি পিস্তল, ৬ রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড গুলির খোসা ও একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সনি জানান, জব্দ করা অবৈধ অস্ত্র তিনি রাজধানীর মিরপুর, কাফরুল, দারুসসালামসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করতেন। পাশাপাশি এসব অস্ত্র-গুলি বিভিন্ন পেশাদার অপরাধীদের ভাড়ায় সরবরাহ করতেন, যা দিয়ে তারা খুন, চাঁদাবাজি, ভয়ভীতি দেখানোসহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড করতো। সনির বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়ায় তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত