আলাউদ্দিন কবিরঃ
রংপুরের মমিনপুর ইউপি চেয়ারম্যানের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ হোসেনের কাছে ক্ষমতা হস্তান্তর স্থগিত, জেলা প্রশাসকের মেমোতে হাইকোর্টের রুল জারি।
রংপুরের ১নং মমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অন্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা জেলা প্রশাসকের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এ বিষয়ে কেন ওই মেমো অবৈধ ঘোষণা করা হবে না,তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। ১৬ অক্টোবর ২০২৫ ইং বিচারপতি সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি দিহিদার মাসুম কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিট পিটিশনার সাবেক চেয়ারম্যান মোঃ মেনহাজুলের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন এডভোকেট সুব্রত কুমার কুণ্ডু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়া শাজিয়া শারমিন, সহকারী অ্যাটর্নি জেনারেল পাপিয়া সুলতানা ও প্রজ্বল চাকমা।
রিট আবেদনে জানানো হয়, জেলা প্রশাসক রংপুর গত ৬ অক্টোবর মেমো নং ০৫.৫৫.৮৫০০.০১১.০৫.০৩২.২৫-৪৫৭ জারি করে ১ নং মমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফারহাদ হোসেনের কাছে হস্তান্তর করেন। এর বিরুদ্ধে আবেদনকারী আইনগত প্রতিকার চাইলে আদালত প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন।
আদালত রুলে বলেছেন, জেলা প্রশাসকের সেই মেমো কেন অবৈধ, আইনগত কর্তৃত্ববহির্ভূত ও কার্যকারিতা শূন্য ঘোষণা করা হবে না, তা ব্যাখ্যা করতে হবে সংশ্লিষ্ট বিবাদীদের। রুলের জবাব দিতে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এ ছাড়া রুল শুনানির অপেক্ষাকালীন আগামী তিন মাসের জন্য জেলা প্রশাসকের উক্ত মেমোর কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে এ সময়ে চেয়ারম্যানের ক্ষমতা অন্য কারও কাছে হস্তান্তর করা যাবে না।
আদালত আবেদনকারীকে বিবাদীদের কাছে নোটিশ পাঠানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত দাখিলেরও নির্দেশ দিয়েছেন। মামলাটি এখন পরবর্তী শুনানির অপেক্ষায় রয়েছে। কেন কার্যকর ভূমিকা গ্রহণ করছেন না জানতে চাইলে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আমরাও রিট করতে পারি,সূযোগ আছে।
স্থানীয় সরকারের মন্ত্রণালয় রংপুরের উপপরিচালক মোঃ মেহেদী হাসানের ভাষ্য, পূর্বের নির্বাচিত চেয়ারম্যান মেনহাজুল ইসলাম জুলাই বিপ্লব পরবর্তী সময়ে সংগঠিত একটি সিআর মামলার আসামি। সংগত কারনে উচ্চ আদালতের এই আদেশ কার্যকর করা সম্ভব হচ্ছেনা। আমরা উচ্চ আদালতের এই বিষয়টি নিয়ে যথার্থ মন্ত্রণালয়কে অবহিত করবো।
উল্লেখ্য, উপ-পরিচালক জনাব মেহেদী হাসানের ভাষ্যে উল্লেখিত মেনহাজুল ইসলামের রিরুদ্ধে আনীত উক্ত সিআর মামলার বাদী কাউনিয়া উপজেলার আঃ মজিদ ২৯/০৮/২০২৪ইং তারিখ জেলা রংপুরের বিজ্ঞ মেট্রো কোতোয়ালি থানার আমলি আদালতে উপস্থিত হয়ে এফিডেভিট মূলে এই মর্মে স্বাক্ষর করেন যে, চেয়ারম্যান মেনহাজুল ইসলাম নির্দোষ, ঘটনার দিন তিনি ঘটনা স্থলে উপস্থিত ছিলেন না, ভুল বসতঃ তার নাম তালিকা ভুক্ত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সাথে মোবাইলে কথা করলে, উনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলেন,এটা জেলা প্রশাসকের বিষয়। জেলা প্রশাসক সিদ্ধান্ত দিলেই আমি কার্যকর ব্যাবস্থা গ্রহণ করবো। আপনারা বরং জেলা প্রশাসকের সাথেই যোগাযোগ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত