আলাউদ্দিন কবিরঃ
রংপুর সদর উপজেলার মমিনপুর, হরিদেবপুর, চন্দনপাট, সদ্যপুস্করিনী ও খলেয়া ইউনিয়নের আলু চাষিরা চরম বিপাকে পড়েছেন। উৎপাদন ভালো হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় লাভের মুখ দেখতে পারছেন না কৃষকরা। বাজারে আলুর দাম উৎপাদন খরচের তুলনায় কম থাকায় লোকসান গুনতে হচ্ছে অধিকাংশ চাষিকে।
কৃষকরা জানান, বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় প্রতি বিঘায় আলু উৎপাদনে খরচ দাঁড়িয়েছে ২৫থেকে ৩০হাজার টাকা পর্যন্ত। অথচ বর্তমানে বাজারে প্রতি কেজি আলু ১০ থেকে ১২টাকায় বিক্রি করতে হচ্ছে, যা দিয়ে খরচ উঠানোই কঠিন হয়ে পড়েছে।
মমিনপুর ইউনিয়নের কৃষক আব্দুল করিম বলেন, “ভালো ফলন হলেও বাজারে দাম নেই। আলু তুলে রাখার জায়গা নেই, বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে।” একই কথা জানান হরিদেবপুর ও চন্দনপাটের একাধিক কৃষক।
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে রংপুর সদর উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলু চাষ হয়েছে। উৎপাদন বৃদ্ধি পেলেও সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় কৃষকরা দ্রুত সরকারি হস্তক্ষেপ, হিমাগার ভাড়া কমানো এবং সরাসরি কৃষকের কাছ থেকে আলু ক্রয়ের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তা না হলে আগামী মৌসুমে আলু চাষে আগ্রহ হারাবে কৃষকরা বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত