নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন ৩/১ এর আওতাধীন মিরপুর সাগুফ্তা এলাকায় দায়িত্বপ্রাপ্ত ইমারত পরিদর্শক শফিকুল ইসলামের বিরুদ্ধে ইমারত মালিকদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ঘুষ গ্রহণ ও অবৈধ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি একের পর এক ভবন মালিককে রাজউক আইনের ভুল ব্যাখ্যা দিয়ে জিম্মি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী শফিকুল ইসলাম নিয়মিতভাবে ভবন পরিদর্শনের নামে মালিকদের কাছে হাজির হয়ে নোটিশ জারি, ভবন উচ্ছেদ ও মামলা-মোকদ্দমার ভয় দেখান। তার এই কার্যক্রম স্থানীয়ভাবে ‘নোটিশ বাণিজ্য’ নামে পরিচিতি পেয়েছে। এতে করে অনেক ভবন মালিক আইনি জটিলতা ও ভবন রক্ষার আশঙ্কায় অনিচ্ছা সত্ত্বেও বড় অংকের ঘুষ দিতে বাধ্য হচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভবন মালিক অভিযোগ করে বলেন, ইমারত পরিদর্শক শফিকুল ইসলাম আমার ভবনের ছোটখাটো ত্রুটি দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হলে তিনি হুমকি দেন নোটিশ দিয়ে ভবন উচ্ছেদ করে দেবেন। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে ভবন রক্ষার জন্য আমাকে মোটা অংকের টাকা দিতে হয়েছে।
একই পদ্ধতিতে একাধিক ভবনের মালিকের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে মর্মেও তথ্য পাওয়া যাচ্ছে। নিয়মিত পরিদর্শনের নামে ভবনে গিয়ে তাৎক্ষণিকভাবে অনিয়ম দেখিয়ে টাকা দাবি করেন এই শফিকুল ইসলাম। কেউ অর্থ দিতে দেরি করলে বা অস্বীকৃতি জানালে দ্রুত নোটিশ ইস্যু করে চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইমারত পরিদর্শক শফিকুল ইসলামের বক্তব্য জানতে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। অভিযোগ সম্পর্কে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা না দিয়েই একপর্যায়ে তিনি স্থান ত্যাগ করেন।
রাজউকের দায়িত্বপ্রাপ্ত অথরাইজড অফিসার এর সঙ্গে দেখা করে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি শফিকুল ইসলামকে সতর্ক করব, তিনি যেন দায়িত্ব সঠিকভাবে পালন করেন। যদি তার বিরুদ্ধে কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তাহলে অবশ্যই বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সচেতন মহল মনে করছেন, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সংস্থাটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই, দুদকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত