নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা সিটি কর্পোরেশনের ভাটপাড়া এলাকায় এক বাকপ্রতিবন্ধী শিশুকে নির্মম শারীরিক নির্যাতন এবং তার পিতাকে মারধর করে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী পিতা নুর ইসলাম বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দেবিদ্বার উপজেলার ভানি গ্রামের বাসিন্দা নুর ইসলামের সঙ্গে তার স্ত্রী তানজিনা আক্তারের গত তিন মাস আগে বিবাহ বিচ্ছেদ হয়। ১৪ বছরের দাম্পত্য জীবনে তাদের রোহান (ছেলে) ও রোজা (মেয়ে) নামের দুই সন্তান রয়েছে। এর মধ্যে রোজা জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী। বিচ্ছেদের পর থেকে সন্তানরা ভাটপাড়া তিন রাস্তার মোড় এলাকায় তাদের মায়ের ভাড়া বাসায় থাকছিল।
বাদী নুর ইসলামের দাবি, বিচ্ছেদের পর থেকেই তার তালাকপ্রাপ্ত স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন শিশু রোজাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। গত ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) মেয়ের ওপর নির্যাতনের খবর পেয়ে তাকে উদ্ধার করতে যান নুর ইসলাম। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, ২নং বিবাদী ফয়সাল রাম-দা নিয়ে তাকে হত্যার চেষ্টা চালায় এবং অন্য বিবাদীরা লাঠি দিয়ে পিটিয়ে পিতা ও বাকপ্রতিবন্ধী শিশুকে গুরুতর জখম করে।
হামলার একপর্যায়ে বিবাদী ফয়সাল নুর ইসলামের পকেট থেকে নগদ ১৬ হাজার টাকা ও একটি স্মার্টফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়। এছাড়া বিবাদীরা এলাকায় মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী নুর ইসলাম বলেন, "বিবাহ বিচ্ছেদের পর থেকেই আমার সন্তানদের অযত্ন ও অবহেলা করা হতো। গত বৃহস্পতিবার খবর পাই ওরা আমার বাকপ্রতিবন্ধী মেয়েটাকে মারধর করছে। থানায় জানিয়ে আমি ঘটনাস্থলে গিয়ে মেয়েকে বাঁচাতে চাইলে ওরা আমাকেও রক্তাক্ত করে। আমি এই অমানবিক ঘটনার বিচার চাই।"
কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযোগটি গ্রহণ করেছে। পুলিশ জানায়, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত