শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১হাজার ৩০১বোতল বিদেশি মদসহ তিন মাদক বিক্রেতাকে আটকের খবর জানিয়েছে র্যাব। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদরের নন্দীর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জামালপুর র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল-রাজেক জানিয়েছেন।
আটকরা হলেন- মো. মিনাল মিয়া (৩২), মো. রিয়াদ হোসেন (২৮) ও মো. নুরুল আমিন (৩৪)। তারা সবাই শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বাসিন্দা।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের একটি দল শেরপুর-বকশীগঞ্জ সড়কের মোকছেদপুর নয়াপাড়া সংলগ্ন নন্দীর বাজার এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি ট্রাককে থামার সংকেত দিলে ট্রাকের ভেতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করেন।
পরে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১হাজার ৩০১বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০লাখ টাকা। এছাড়া মাদক বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
একই সঙ্গে আটকদের কাছ থেকে নগদ ৯৬হাজার ৮০৫ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে শেরপুর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে মেজর আসিফ আল রাজেক জানিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত