মোঃমাসুদ রানাঃ
খাগড়াছড়ির রামগড় উপজেলার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার (১৫ ফেব্রুয়ারি) গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে উপজেলার নাকাপা বাজার এলাকায় একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। সিন্দুকছড়ি জোন সদর ও জালিয়াাপাড়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে দুপুর থেকে বিকেল পর্যন্ত এই চিকিৎসা সেবা কার্যক্রম চলে।
ক্যাম্পেইনের নেতৃত্ব দেন সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি)। এই মানবিক কার্যক্রমে এলাকার পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ক্যাম্পেইন চলাকালীন ২১০ জন রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এর মধ্যে ১২০ জন পাহাড়ি এবং ৯০ জন বাঙালি নাগরিক সরাসরি চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা শেষে রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
সেনাবাহিনীর এই মহতী উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। দুর্গম পাহাড়ি এলাকায় সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্যসেবা পাওয়া যেখানে কষ্টসাধ্য, সেখানে বাড়ির কাছে এমন বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে সেবাগ্রহীতারা অত্যন্ত আনন্দিত। নাকাপা বাজারের সাধারণ মানুষ ও সেবা ভোগীর সিন্দুকছড়ি জোনের এই মানবিক সহায়তার জন্য সেনাবাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে সিন্দুকছড়ি জোনের এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত