ডেস্ক রিপোর্টঃ
বলিউডের জনপ্রিয় অ্যাকশন হিরো জন আব্রাহাম পর্দায় রোমান্সেও কম যান না। তবে সম্প্রতি এই অভিনেতা জানালেন এক ভিন্ন কথা। তিনি সাফ জানিয়ে দিলেন, বলিউডে কাজ করার ক্ষেত্রে তিনি নারী অভিনেত্রীদের চেয়ে পুরুষ সহ-অভিনেতাদের সঙ্গেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন।
জনের মতে, পর্দায় পুরুষ তারকাদের সঙ্গে তার যে রসায়ন তৈরি হয়, তা দর্শকদের নজর কাড়ে। বিষয়টি বোঝাতে গিয়ে মজার ছলে তিনি তার সুপারহিট সিনেমা দোস্তানা’র প্রসঙ্গ টানেন। তিনি বলেন, দোস্তানা সিনেমায় আমি অভিষেক বচ্চনকে চুম্বনও করেছিলাম এবং সেই অভিজ্ঞতা আমার বেশ ভালো ছিল।
অক্ষয় কুমার, শাহরুখ খান কিংবা বরুণ ধাওয়ানের মতো তারকাদের তিনি কখনো প্রতিদ্বন্দ্বী ভাবেন না। জনের বিশ্বাস, তারা সবাই সতীর্থ। একে অপরের ছবির ব্যবসায়িক সাফল্য নিয়ে ঈর্ষা না করে বরং একসঙ্গে এগিয়ে যাওয়াতেই তিনি বিশ্বাসী।
২০০৩ সালে যখন জন বলিউডে পা রাখেন, তখন শাহরুখ খান ও অক্ষয় কুমার ছাড়া তেমন কোনো প্রভাবশালী আউটসাইডার বা বহিরাগত ছিল না। জন মনে করেন, ইন্ডাস্ট্রি তাকে বরাবর আলাদা করে রেখেছে। আক্ষেপ করে তিনি বলেন, আমার মতো এত সমালোচনা আর কেউ সহ্য করেনি।
প্রচুর সমালোচনা সত্ত্বেও জন কখনো দমে যাননি। তিনি নিজেকে চোখে ঠুলি পরা ঘোড়ার সঙ্গে তুলনা করেছেন, যিনি ডানে-বাঁয়ে না তাকিয়ে শুধু নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। কোনো পিআর বা লবিং ছাড়াই কেবল নিজের সততা দিয়ে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বলে দাবি করেন এই অভিনেতা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত