ডেস্ক রিপোর্টঃ
রাজনীতির দীর্ঘ পথচলার পর এবার প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। আর প্রথম লড়াইয়েই জয়, সঙ্গে মন্ত্রিত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। দীর্ঘ ৫৪ বছর পর দাগনভূঞা উপজেলা থেকে এই প্রথম কেউ সংসদ সদস্য নির্বাচিত হলেন। তার সঙ্গে যুক্ত হয়েছে মন্ত্রিত্বের স্বীকৃতি। এতে সোনাগাজী ও দাগনভূঞা উপজেলাজুড়ে শুরু হয়েছে আনন্দ উদ্যাপন, চলছে মিষ্টি বিতরণ।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, এই অর্জন শুধু একজন নেতার নয়, পুরো এলাকার মানুষের প্রত্যাশার প্রতিফলন। জেলাজুড়ে এখন উৎসবের আবহ। নির্বাচনে তিনি পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফখরুদ্দিন মানিক পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৬০ ভোট। ভোটের এই ব্যবধান এলাকায় তার গ্রহণযোগ্যতারই ইঙ্গিত দেয় বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ১৯৪৯ সালের ২২ ফেব্রুয়ারি দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পড়াশোনা শুরু ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে। পরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে বিএসসি ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের পর উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটি থেকে মেরিন ট্রান্সপোর্টেশনে উচ্চতর ডিগ্রি ও এমএসসি সম্পন্ন করেন।
ব্যবসায়ী হিসেবেও তিনি সুপরিচিত। দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের নেতৃত্বেও ছিলেন সক্রিয়। পারিবারিকভাবেও তিনি একটি পরিচিত রাজনৈতিক পরিবারের সদস্য। তার বাবা প্রয়াত আলহাজ সফি উল্যাহ দাগনভূঞা উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান ছিলেন। ভাই আকবর হোসেন দাগনভূঞা পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়াল নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) চেয়ারপার্সন। বড় ছেলে তাবিথ আউয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু বলেন, ফেনী-৩ আসনের মানুষ দীর্ঘদিন উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে ছিল। বিপুল ভোটে নির্বাচিত হয়ে পূর্ণমন্ত্রী হওয়ায় এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন এখন বাস্তব রূপ পাবে বলে তারা আশাবাদী। প্রথম নির্বাচনী লড়াইয়ে জয় এবং সরাসরি মন্ত্রিসভায় স্থান পাওয়া নিঃসন্দেহে একটি বিরল ঘটনা। এই অর্জনের মধ্য দিয়ে ফেনী-৩ আসন জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে। এখন সবার দৃষ্টি, প্রতিশ্রুত উন্নয়ন কত দ্রুত বাস্তবে রূপ নেয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত