মো: মাসুম বিল্লাহ, খুলনাঃ
খুলনা মহানগরীর চাঞ্চল্যকর রাজীব হোসেন হত্যা মামলার প্রধান আসামি শিপন শেখকে (৩২) গ্রেফতার করেছে র্যাব। গত ১২ মার্চ দিবাগত রাত ১১:৩০ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতোয়ালি মডেল থানাধীন জোয়াইড় মোড় এলাকায় র্যাব-৬ ও র্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত রাজীব হোসেন ও আসামি শিপন শেখ এক সময় বন্ধু ছিলেন। তবে শিপন ও তার সহযোগীরা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় রাজীব তাদের সাথে চলাফেরা বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা রাজীবের ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে।
গত ৩ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮:৪৫ ঘটিকার সময় শিপন ও আকতারের ফোন পেয়ে রাজীব বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। মরদেহ উদ্ধার ও শনাক্তকরণ নিখোঁজের ৬ দিন পর, গত ৯ জানুয়ারি খুলনার খালিশপুর থানাধীন ভৈরব নদীর পশ্চিম পাশে একটি অজ্ঞাতনামা মরদেহ ভাসতে দেখে নৌ-পুলিশ। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে রাজীবের স্ত্রী ফারহানা (১৯) মরদেহটি তার স্বামীর বলে শনাক্ত করেন।
এই ঘটনায় রাজীবের ফুফাতো ভাই ইয়াসিন মোল্লা বাদী হয়ে খুলনা মহানগরীর খালিশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই প্রধান আসামি শিপন শেখ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ (সিপিসি স্পেশাল কোম্পানি) এবং র্যাব-১০ (সিপিসি-৩, ফরিদপুর) যৌথ অভিযান চালিয়ে তাকে ফরিদপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর জেলার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত