মো: মাসুম বিল্লাহ, খুলনাঃ
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার ৩ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি তাওহিদুল ইসলাম সায়মনকে (২৮) গ্রেফতার করেছে র্যাব-৬। ঘটনার মাত্র ৭২ ঘণ্টার মধ্যে তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয় র্যাবের একটি চৌকস আভিযানিক দল। র্যাব সূত্রে জানা গেছে, আজ ১২ মার্চ ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল নগরীর করিম নগরস্থ রওশন আরা ক্লিনিকের পাশে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আত্মগোপনে থাকা সায়মনকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, গত ৮ মার্চ ২০২৬ তারিখ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন মোল্লা বাড়ির মোড় এলাকায় একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চতুর্থ তলার চিলেকোঠায় এই গণধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই জড়িত আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করলে আসামিদের ধরতে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেফতারকৃত তাওহিদুল ইসলাম সায়মনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে র্যাব-৬ খুলনার সিপিএসসি কোম্পানি কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলাম জানান: র্যাব ফোর্সেস অপরাধ দমনে সর্বদা আপসহীন। ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় র্যাব নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত