ডেস্ক রিপোর্টঃ
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে ঘরের মাঠে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচের সময়সূচি পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। অবশ্য দিন নয়, লা বোম্বোনেরায় খেলার সময়ে সামান্য পরিবর্তন আনা হয়েছে। নির্ধারিত সময়ের চেয়ে একটু দেরিতে শুরু হবে এই ম্যাচ।
মঙ্গলবার ৩১ মার্চ জাম্বিয়ার বিপক্ষে এই প্রীতি ম্যাচে আলবিসেলেস্তেদের আক্রমণভাগের নেতৃত্বে থাকছেন মহাতারকা লিওনেল মেসি।
সোমবার ৩০ মার্চ এক সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শুক্রবার মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানের ঘামঝরানো জয়ে সাইডবেঞ্চে থেকে ম্যাচ শুরু করেছিলেন মেসি। তবে ঘরের মাঠে বিদায়ী ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন স্কালোনি।
তিনি জানিয়েছেন, ম্যাচে মেসি শুরুর একাদশেই থাকছেন এবং এটিই তাদের জন্য চূড়ান্ত মহড়া। ৩৮ বছর বয়সী মেসি আনুষ্ঠানিকভাবে পরবর্তী বিশ্বকাপে খেলার ঘোষণা না দিলেও বাছাইপর্বের প্রতিটি ধাপে তার সক্রিয় অংশগ্রহণ ছিল সরব।
এটিই মেসির শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে এমন ইঙ্গিত দিয়ে স্কালোনি আরও বলেন, মেসি বর্তমানে খেলাটা উপভোগ করছে এবং তারা চায় সে এই মুহূর্তগুলো ধরে রাখুক।
মৌরিতানিয়ার বিপক্ষে দলের সাদামাটা পারফরম্যান্সে কিছুটা অসন্তুষ্ট কোচ স্কালোনি স্পষ্ট করে দিয়েছেন, জাম্বিয়ার বিপক্ষে তিনি তার তুরুপের তাসদের ওপরই ভরসা রাখছেন। তিনি বিশ্বাস করেন দলের পারফরম্যান্স গতদিনের মতো হবে না এবং পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। ইতোমধ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা জমা দিয়েছেন স্কালোনি, তবে মে মাসের শেষে ঘোষণা করা হবে চূড়ান্ত ২৬ সদস্যের দল।
স্কালোনির ভাষ্যমতে তালিকায় কারা থাকছেন সে বিষয়ে তার স্বচ্ছ ধারণা আছে এবং তারা একটি নিখুঁত দল নিয়ে বিশ্বকাপে যেতে চান।
জাম্বিয়ার বিপক্ষে এই ম্যাচটিকেই স্কালোনি তার দলের শক্তির চূড়ান্ত পরীক্ষা হিসেবে দেখছেন যার ওপর ভিত্তি করেই সাজানো হবে বিশ্বজয়ের চূড়ান্ত রণকৌশল। তবে বিশ্বকাপের আগে দেশের মাটিতে এই শেষ ম্যাচের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ম্যাচটি হওয়ার কথা ছিল স্থানীয় সময় রাত সোয়া আটটায় কিন্তু নতুন সূচিতে এটি ১৫ মিনিট পিছিয়ে সাড়ে আটটায় শুরু হবে। ফলে বাংলাদেশে এই খেলা শুরু হবে আগামীকাল বুধবার ভোর সাড়ে পাঁচটায়।
সময় পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে সপ্তাহের কর্মদিবস হওয়ায় দর্শকদের স্টেডিয়ামে আসার সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময়সূচি পরিবর্তন হলেও লা বোম্বোনেরা স্টেডিয়ামে মেসিদের বিদায়ি সংবর্ধনা জানাতে টিকিটের দাম অপরিবর্তিত রাখা হয়েছে এবং দর্শকদের জন্য বিশেষ বিনোদনের ব্যবস্থাও থাকছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত