আন্তর্জাতিক ডেস্কঃ
নির্ধারিত সময়সীমার মধ্যে ইরান যদি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তিতে সম্মত না হয়, তাহলে দেশটিকে এক রাতেই তছনছ করে দেওয়া হতে পারে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। তিনি জানান, ওয়াশিংটন ডিসির সময় অনুযায়ী মঙ্গলবার (৭ এপ্রিল)রাত ৮টা পর্যন্ত ইরানকে সময় দেওয়া হয়েছে। এর মধ্যে চুক্তিতে না এলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানকে একটি গ্রহণযোগ্য চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে এবং দেশটির নেতারা তা নিয়ে আলোচনা করছেন। তবে তার এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই ইরান যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দেয়।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয়। তেহরানের অবস্থান হলো যদি কোনো সমঝোতা হয়, তাহলে হামলা স্থায়ীভাবে বন্ধ করতে হবে এবং তাদের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণও দিতে হবে।
ট্রাম্প আরও বলেন, পুরো দেশটিকে এক রাতে তছনছ করে দেওয়া হতে পারে। আর সেটি হতে পারে কাল রাতেই।
তিনি হুমকি দিয়ে আরও বলেন, সময় শেষ হয়ে গেলে তাদের প্রস্তর যুগে ফেরত পাঠানো হবে। তাদের কোনো ব্রিজ থাকবে না, কোনো বিদ্যুৎকেন্দ্র থাকবে না।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প যে ধরনের হুমকি দিয়েছেন বিশেষ করে সেতু, বিদ্যুৎকেন্দ্রসহ বেসামরিক অবকাঠামোতে হামলার ইঙ্গিত তা বাস্তবায়ন করা হলে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে গুরুতর প্রশ্ন উঠতে পারে।
আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, সুনির্দিষ্ট সামরিক প্রয়োজন ছাড়া বেসামরিক স্থাপনায় হামলা চালানো অবৈধ এবং পরিস্থিতি ভেদে তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এ অবস্থায় ওয়াশিংটনের সময়সীমা ঘিরে নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত