আবদুল মোতালেব
চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে নির্মমভাবে দিনমজুর খোকন হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় ঢাকা-চাটখিল মহাসড়কে আয়োজিত এ মানববন্ধনে চাটখিল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামের শতাধিক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, দৌলতপুর গ্রামের হোসেন আলী পাটোয়ারী বাড়ির বাসিন্দা মো. ফারুক হোসেনের ছেলে খোকন (৩২) পেশায় একজন দিনমজুর ছিলেন। তিনি অত্যন্ত সহজ-সরল ও পরিশ্রমী মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার এমন নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বক্তারা আরও জানান, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে খোকন বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরিস্থিতির অবনতি হলে খোকনের পরিবার শনিবার (৪ এপ্রিল) রাতে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৯০) দায়ের করে। পরে রোববার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে দৌলতপুর গ্রামের মন্ত্রীপোল সংলগ্ন একটি ঝোপ থেকে তার অগ্নিদগ্ধ ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়, যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি করে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত প্রকৃত অপরাধীরা শনাক্ত বা গ্রেফতার হয়নি। এতে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ কামনা করেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয়, তাহলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। মানববন্ধন শেষে নিহত খোকনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত সবাই।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত