মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়িঃ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে সহায়তা বিতরণ করা হয়েছে। স্থানীয়দের জীবনমান উন্নয়নে এ উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে দীঘিনালা সেনা জোনে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন। এ সময় উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি-সহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কয়েকটি অসচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি একটি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন এবং পাঁচটি পরিবারকে দুটি করে ছাগল দেওয়া হয়। এছাড়া চারটি মাদ্রাসায় জিরা এবং একটি চার্চে বাদ্যযন্ত্র বিতরণ করা হয়, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ সময় লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ সহায়তা তাদের আত্মনির্ভরশীল হওয়ার পথে গুরুত্বপূর্ণ সহায়ক হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে আস্থা ও সৌহার্দ্যের সম্পর্ক আরও জোরদার করবে এবং পার্বত্য এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত