মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জঃ
দীর্ঘ চার দশকের রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে জীবনের সায়াহ্নে এসে এক নতুন সংকল্পে বুক বেঁধেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা রাশেদুল হাসান রঞ্জন। পদের মোহ নয়, বরং দলের অবহেলিত নেতাকর্মী আর সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই এখন তার একমাত্র লক্ষ্য। আসন্ন কাউন্সিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী এই নেতার কণ্ঠে এখন শুধুই ত্যাগের মহিমা।
রাশেদুল হাসান রঞ্জনের রাজনীতিতে হাতেখড়ি এরশাদ বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে। সেই থেকে শুরু করে বিগত ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন পর্যন্ত-রাজপথের কোনো কর্মসূচিতেই পিছিয়ে ছিলেন না তিনি। কেবল রঞ্জন নন, তার পুরো পরিবারই গণতান্ত্রিক লড়াইয়ে শামিল হয়েছে বারবার। বিগত শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার চরম মূল্য দিতে হয়েছে তাকে। রঞ্জন জানান, বিগত বছরগুলোতে প্রায় দুই মাস অন্তর আমাকে জেল খাটতে হয়েছে। মামলার খরচ আর জামিন পেতে গিয়ে পৈতৃক ভিটেমাটি পর্যন্ত বিক্রি করতে হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার খড়গ নেমে এসেছিল তার পরিবারের ওপরও। বিএনপি করার 'অপরাধে' চাকরি হারাতে হয়েছে তার সহধর্মিণীকে, যিনি পৌরসভায় কর্মরত ছিলেন।
একের পর এক মিথ্যা মামলা আর ষড়যন্ত্রের বেড়াজালে তাকে দমিয়ে রাখার চেষ্টা করা হলেও তিনি নীতি থেকে বিচ্যুত হননি। বর্তমানে ৬০ বছর বয়সী এই নেতা কোনো প্রাপ্তির আশায় নয়, বরং ইতিহাসের পাতায় নিজের নামটুকু সেবার ব্রতে খোদাই করতে চান। তিনি বলেন, রাজনীতি করে খেতে হবে-এমন মানসিকতা আমার নেই। আমি চাই অবহেলিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সম্মানের একটি জায়গা তৈরি করে দিতে। জীবনের এই পর্যায়ে এসে আর হারানোর কিছু নেই; শুধু মানুষের জন্য একটি উজ্জ্বল রাজনৈতিক ইতিহাস গড়ে যেতে চাই।
দীর্ঘ লড়াইয়ের পর অর্জিত 'স্বাধীন বাংলায়' এখন তিনি নেতাকর্মীদের অভিভাবক হতে চান। তৃণমূলের নেতাকর্মীদের মতে, রঞ্জনের মতো ত্যাগী ও পরীক্ষিত নেতারা নেতৃত্বে আসলে দল আরও সুসংগঠিত হবে। নিজের শেষ সময়টুকু মানুষের কল্যাণে উৎসর্গ করার যে প্রত্যয় রাশেদুল হাসান রঞ্জন ব্যক্ত করেছেন, তা এখন দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করছে। সাধারণ সম্পাদক পদের মাধ্যমে সেই সুযোগ পাবেন কি না, তা সময়ই বলে দেবে; তবে কর্মীদের হৃদয়ে তিনি যে ইতোমধ্যে স্থান করে নিয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত