নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ
জ্বালানি সংকটের কবলে পড়ে খুলনা অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা চরম বিপর্যয়ের মুখে পড়েছে। এই অঞ্চলের ছোট-বড় ১০টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ ৬টি কেন্দ্রই বর্তমানে পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে বিশাল উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও চাহিদামত বিদ্যুৎ মিলছে না। বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, খুলনা অঞ্চলে অবস্থিত ১০টি কেন্দ্রের সম্মিলিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ৩ হাজার মেগাওয়াট। কিন্তু জ্বালানি সরবরাহ না থাকায় এবং কারিগরি সীমাবদ্ধতায় বর্তমানে উৎপাদনের পরিমাণ সক্ষমতার অর্ধেকের নিচে নেমে এসেছে।
বন্ধ থাকা কেন্দ্রগুলো হলো: খুলনা ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানির খুলনা ২২৫ মেগাওয়াট কেন্দ্র রূপসা ১০৫ মেগাওয়াট কেন্দ্র মধুমতি ১০০ মেগাওয়াট কেন্দ্র ফরিদপুর ৫০ মেগাওয়াট কেন্দ্রসহ মোট ৬টি ইউনিট। খুলনা ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আলমগীর মাহফুজুর রহমান বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বলেন, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার কারণে সক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের কেন্দ্রটি চালু রাখা সম্ভব হচ্ছে না। আমরা ন্যাশনাল লোড ডেসপাচ সেন্টার (এনএলডিসি) থেকে বিদ্যুতের চাহিদা পাচ্ছি না, আবার আমাদের হাতে পর্যাপ্ত জ্বালানিও নেই। তবে জ্বালানি পাওয়া মাত্রই আমরা কেন্দ্রটি পুনরায় সচল করতে প্রস্তুত আছি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিদেশি ঋণ সহায়তায় নির্মিত কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি বর্তমানে পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালিয়ে যাচ্ছে। তবে পুরো অঞ্চলের বিশাল চাহিদা পূরণে এককভাবে এই কেন্দ্রের উৎপাদন যথেষ্ট নয়। দ্রুত জ্বালানি সমস্যার সমাধান না হলে এই অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও নাজুক হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত