ডেস্ক রিপোর্টারঃ
ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিনব কৌশলে মাদক বিক্রি অভিযোগ উঠেছে। মনো নামে এক ব্যক্তি বিরুদ্ধে টেইলার্সের আড়ালে মাদক ব্যবসার অভিযোগ পাওয়ায় অভিযান চালিয়েছে পুলিশ। আর সেই থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে ক্যাম্পে চানাচুরের প্যাকেটে করে হেরোইন ও গাঁজা বিক্রির এক বিস্ময়কর টেকনিকের খোজ পেয়ে পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। সেখানে, প্রায় ৫০ লাখ টাকার মাদক উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। একইদিন ক্যাম্পের চিহ্নিত সন্ত্রাসী বুনিয়া সোহেলের শ্বশুরবাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা বলেন, এলাকাটিতে ছোট-বড় মিলিয়ে বহু মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইচক্র সক্রিয় রয়েছে। চিহ্নিত সন্ত্রাসী বুনিয়া সোহেলের শাশুড়ির বাসা থেকে আমেরিকায় তৈরি একটি পিস্তল পাওয়া গেছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি জানান, টেইলার্স ব্যবসার আড়ালে মনো দীর্ঘদিন ধরে হেরোইন, গাঁজা ও ইয়াবা বিক্রি করতেন, যাতে সহজে ধরা না পড়েন। চানাচুরের প্যাকেটের ভেতরে করে লাখ লাখ টাকার মাদক রাখা হতো। বিশেষ করে হেরোইন বহন করতে মনো ব্যবহার করত চানাচুরের প্যাকেট। দোকান ও বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধ ও মাদক ব্যবসায় জড়িত ছয়জনকে আটক করে পুলিশ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত