মৌলভীবাজার প্রতিবেদকঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত বড় ভাই শহীদুর রহমান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার ১২ দিন পর সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে গত ১৫ এপ্রিল একই ঘটনায় তাদের বাবা আকল মিয়া (৭৭) মারা গিয়েছিলেন।
জানা যায়, গত ১৫ এপ্রিল সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের গাজিপুর আনসার ক্যাম্প এলাকায় পারিবারিক কলহের জেরে ছোট ছেলে মুশফিক মিয়া ধারালো ছুরি দিয়ে তার বাবা আকল মিয়া ও বড় ভাই শহীদূর রহমানকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা আকল মিয়া। গুরুতর আহত হন শহীদুর রহমান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত শহীদুর রহমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে দীর্ঘ ১২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের চাচাতো ভাই রাসেল রাজা শহীদের মৃত্যু নিশ্চিত করে বলেন, ১৫ এপ্রিল আমার চাচাতো ভাই মুশফিকের ছুরিকাঘাতে চাচা আকল মিয়া মারা গিয়েছিলেন। সোমবার চাচাতো বড়ভাই শহীদুর রহমানও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিবারটি ছন্নছাড়া হয়ে গেল। আমরা আমাদের পরিবার ও এলাকাবাসী দুই অভিভাবককে হারালাম। এদিকে ঘটনার দিনই (১৫ এপ্রিল) র্যাব-৯ ও স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘাতক মুশফিক মিয়াকে কালাপুরের পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছিলো। বর্তমানে সে জেলহাজতে রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত