মোঃ মাসুম বিল্লাহ খুলনাঃ
পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য আয়োজনে ‘পুনাক মেলা’র শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিণী ও ফার্স্ট লেডি ডা. জোবায়দা রহমানকে সাথে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরিদর্শনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডি খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) পুনাক স্টলে কিছু সময় অতিবাহিত করেন। এ সময় কেএমপি পুনাক সভানেত্রী আসমা খানম তাঁদেরকে স্টলে প্রদর্শিত বিভিন্ন পণ্যের পরিচিতি তুলে ধরেন। প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডি গভীর আগ্রহ নিয়ে পণ্যগুলোর গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন এবং পুনাকের এই সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।
খুলনার সমৃদ্ধ ঐতিহ্যকে রাজধানীর মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কেএমপি পুনাক স্টলটিতে বিশেষ সাজসজ্জা ও পণ্যের সমাহার ঘটানো হয়েছে। স্টলে খুলনার বিখ্যাত চুইঝাল, সুন্দরবনের খাঁটি মধু এবং বিভিন্ন স্বাদের ঘরোয়া আচারসহ ঐতিহ্যবাহী নানা পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডি পুনাক নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং একটি ফটোসেশনে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি), স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান এবং কেএমপি পুলিশ কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। খুলনার ঐতিহ্যবাহী পণ্যের এই প্রদর্শনী মেলায় আগত দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত