নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর ধানমন্ডি এলাকায় ২০২৪ সালের জুলাই-আগস্টে সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি বর্ষণ ও হত্যা মামলার আলোচিত আসামি আবুল হোসেনের প্রকাশ্যে ঘুরে বেড়ানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ, আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত আবুল হোসেনের বিরুদ্ধে কাওরান বাজার এলাকায় জুলাইয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি চালানোর অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সংঘটিত সহিংসতায় তিনি ছিলেন অন্যতম সক্রিয় ব্যক্তি। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার নথিতেও তার সম্পৃক্ততার অভিযোগ উল্লেখ রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আবুল হোসেন ধানমন্ডি ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় দীর্ঘদিন প্রভাব বিস্তার করে আসছিলেন। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম ব্যবহার করে বিভিন্ন মহলে আধিপত্য বিস্তারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সহিংস কর্মকাণ্ডে তার অংশগ্রহণের ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও রহস্যজনক কারণে এখনো তাকে গ্রেফতার করা হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইন্দিরা রোড ও ধানমন্ডির বিভিন্ন এলাকায় আবুল হোসেনকে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যাচ্ছে। এমনকি বিভিন্ন আড্ডা, সভা-সমাবেশ ও জনসমাগমেও তার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, যে ব্যক্তি হত্যাকাণ্ডের মতো ভয়াবহ ঘটনায় অভিযুক্ত, সে যদি দিব্যি প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত