মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় একটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকেও আটক করা হয়েছে। সোমবার (১৫ জুন) সন্ধ্যায় কামারখন্দ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।
পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলীর নেতৃত্বে রোববার (১৪ জুন) গভীর রাত থেকে বিকেল পর্যন্ত নাটোরের সিংড়া ও সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সাদেক আলী ওরফে মোকাদ্দেস (৬২), হৃদয় হাসান (২৬), মো. সুজন (৩১), মো. আরিফুল ইসলাম ওরফে সবুজ (৩১) এবং মো. ইমদাদুল হককে (৪৩) গ্রেপ্তার করা হয়। পাশাপাশি একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি জয়নব খাতুনকেও আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার সাদেক আলীর বিরুদ্ধে পাঁচটি, হৃদয় হাসানের বিরুদ্ধে সাতটি, সুজনের বিরুদ্ধে ১৩টি, আরিফুল ইসলাম ওরফে সবুজের বিরুদ্ধে পাঁচটি এবং ইমদাদুল হকের বিরুদ্ধে পাঁচটি ডাকাতি ও চুরি মামলা বিচারাধীন রয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারদের কাছ থেকে বিভিন্ন জেলার আলোচিত ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের। এর মধ্যে কামারখন্দের টিটিসি এলাকায় সংঘটিত ডাকাতির পাশাপাশি নাটোর সুগার মিল, রাজশাহীর মোহনপুরের কেশরহাট কোল্ড স্টোরেজ এবং মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার একটি শিল্পপ্রতিষ্ঠানে সংঘটিত ডাকাতির তথ্য উঠে এসেছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, চক্রের সদস্যরা ছোট পিকআপ ব্যবহার করে বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রবেশ করতেন। পরে সুযোগ বুঝে বৈদ্যুতিক সাবস্টেশন ও কারখানায় ব্যবহৃত তামার তারসহ মূল্যবান যন্ত্রাংশ লুট করে নিয়ে যেতেন। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী দৈনিক সবুজ বাংলাদেশ’কে বলেন, গ্রেপ্তার আসামিরা কামারখন্দ উপজেলার চৌবাড়ি কৃষ্ণপুর এলাকার বন্ধ হয়ে যাওয়া ফেন্সি মিল্ক অ্যান্ড অ্যাগ্রো ফ্যাক্টরিতে সংঘটিত ডাকাতির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এ ঘটনায় তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।তিনি আরও জানান, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত