পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঘোনাপাড়া এলাকায় পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ হাসান আনন্দ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই সহযোগীকে হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) রাত প্রায় ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকায় ইউরো বাংলা গ্লাস ফ্যাক্টরি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাসান আনন্দ উপজেলার মূলগাঁও চরপাড়া এলাকার বাসিন্দা এবং আমিন মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। তবে পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, তিনি বিদ্যুতের তার চুরির সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আনন্দ কয়েকজন সহযোগীকে নিয়ে ইউরো বাংলা গ্লাস ফ্যাক্টরির পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার কাটার চেষ্টা করেন। এ সময় বিচ্ছিন্ন একটি লাইনের তার অপসারণের সময় তাদের হাতে থাকা তার পাশের সচল বিদ্যুৎ লাইনের সংস্পর্শে চলে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনন্দ ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর তার সঙ্গে থাকা অন্যরা তাকে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বুধবার সকালে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা নিহতের দুই সহযোগীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আটককৃতরা হলেন আশিক ও খাইরুল। স্থানীয়দের দাবি, তাদের কাছ থেকে চুরি করা বৈদ্যুতিক তারও উদ্ধার করা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিস্তারিত তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত