আলাউদ্দিন কবির, রংপুর প্রতিনিধিঃ
রংপুরে কর্মস্থলে এক সরকারি কর্মকর্তার ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রংপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের ওপর এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতা প্রকাশ করে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জুন দুপুরে রংপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ে নিজ কক্ষে দাপ্তরিক দায়িত্ব পালন করছিলেন ফরহাদ হোসেন। এ সময় কেল্লাবন্দ সিও বাজার এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. লাল বাবু (৪৫) অজ্ঞাতনামা আরও দুজনকে সাথে নিয়ে জোরপূর্বক তার কক্ষে প্রবেশ করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা ওই কর্মকর্তাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করেন। ভুক্তভোগী কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, আকস্মিক এই আচরণের প্রতিবাদ জানালে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তার বাম কানে প্রচণ্ড আঘাত করা হলে তিনি গুরুতর জখম হন। পরে কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত ও বিশেষজ্ঞ চিকিৎসার পরামর্শ দেন।
এদিকে সরকারি কর্মকর্তার ওপর কর্মস্থলে এমন বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল গনি। পৃথক বিবৃতিতে তারা বলেন, "নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কর্মস্থলে ঢুকে একজন সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।" তারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল কাদের জানান, সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনার পর থেকে স্থানীয় সচেতন মহল এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত