পঙ্কজ সরকার নয়ন,(গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে একদিনে ভিক্ষুক পুনর্বাসন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ এবং বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভাসহ তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ জুন) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এসব কর্মসূচির উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এ. টি. এম. কামরুল ইসলাম।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচির আওতায় চারজন ভিক্ষুককে স্বাবলম্বী করতে সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে মার্জিয়া বেগম, শামসুন্নাহার ও কামরুন নাহারকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং শারীরিক প্রতিবন্ধী সিরাজ উদ্দিনকে একটি সুসজ্জিত মুদি দোকান ও প্রয়োজনীয় মালামাল হস্তান্তর করা হয়। এ সময় ইউএনও মো. এ. টি. এম. কামরুল ইসলাম বলেন, ভিক্ষাবৃত্তি কোনো পেশা হতে পারে না। বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে তাদের সম্মানজনক ও স্বাবলম্বী জীবন গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খরিপ-২ মৌসুমে রোপা আমন ও মরিচের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় ১ হাজার ৮০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি রোপা আমনের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
এছাড়া শীতকালীন আগাম মরিচ চাষে উৎসাহ দিতে ১০০ জন কৃষকের মাঝে হাইব্রিড মরিচের বীজ, ডিএপি ও এমওপি সার এবং দুই ধরনের বালাইনাশক বিতরণ করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই দিনে শিশু শ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এনজিও সমন্বয় পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা শিশুশ্রম নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত