মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার (জিএম) নুরুল হুদার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, গ্রাহক হয়রানি, অর্থ আত্মসাৎ ও অসদাচরণের অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী দাবি করা গ্রাহকরা। একই সঙ্গে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন তারা। বুধবার (১ জুলাই) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জিএম নুরুল হুদা স্বেচ্ছাচারীভাবে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। এর ফলে বিভিন্ন সেবা নিতে এসে সাধারণ গ্রাহকদের নিয়মিত হয়রানি ও ভোগান্তির শিকার হতে হচ্ছে। তারা দাবি করেন, সরকারি বিধি-বিধান উপেক্ষা করে গাছ কেটে বিক্রি, বিভিন্ন সেবা প্রদানের ক্ষেত্রে অনৈতিকভাবে অর্থ আদায় এবং নারী গ্রাহকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের মতো অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে।
বক্তাদের বলেন, এসব কর্মকাণ্ডের কারণে পল্লী বিদ্যুৎ সমিতির সেবার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সাধারণ গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জিএম নুরুল হুদাকে অপসারণ এবং তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে গ্রাহক সোল্লাইমান, মোছা. ফুফিয়া খাতুন, ইলেকট্রিশিয়ান হান্নান, মো. মইন উদ্দিন, রিন্টু, আমজাদ হোসেন, রুহুল আমিন, মনসুরসহ ভুক্তভোগী দাবি করা বিভিন্ন গ্রাহক অংশ নেন। এ বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার নুরুল হুদার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত