মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধিঃ
পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় রাঙামাটির বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করতে স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে বাঘাইহাট জোন। বুধবার (১ জুলাই) সকালে উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার এবং রূপকারী ইউনিয়নের আওতাধীন দুইটিলা সেনাক্যাম্প এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। ২৪ পদাতিক ডিভিশনের ২০৩ ব্রিগেডের পরিকল্পনা অনুযায়ী বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক উপকারভোগীদের হাতে চারা তুলে দেন। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কমাতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ যেমন প্রকৃতিকে সবুজ করে তোলে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সবাইকে বিতরণকৃত চারাগুলো সঠিকভাবে রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। পাশাপাশি প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করার অনুরোধ জানান।
চারা পেয়ে স্থানীয় পাহাড়ি ও বাঙালি বাসিন্দারা বাঘাইহাট জোনের এ উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, এমন কর্মসূচি পরিবেশ সংরক্ষণের পাশাপাশি মানুষের মধ্যে সবুজায়নের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, জনকল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত