ইসমাইল মাহমুদ,মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট-মনু-ধলই সার্কুলার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগে চা শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠির লোকজনসহ স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে টানা তিন দিন কাজ বন্ধ থাকার পর বুধবার (১ জুলাই) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। এ সময় তার সাথে ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রাকিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকীসহ অন্যান্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিদর্শনের আগে ও পরিদর্শন চলাকালে ঘটনাস্থলে জড়ো হওয়া স্থানীয় বাসিন্দারা হাতে লেখা প্রকৌশলীর পকেটে কমিশন, রাস্তায় দুর্নীতির আয়োজন; নিন্মমানের ইট-বালু আর রড কম, কিসের উন্নয়ন? এ যে দুর্নীতি চরম; ডিগ্রি তাদের ইঞ্জিনিয়ারিং, এ দক্ষতা তাদের দুর্নীতিতে; চার কোটি টাকার উন্নয়ন, নাকি পকেটে ভরার আয়োজন"; হোসনাবাদ-কালিঘাট সড়ক দায়সারা কাজে এলাকাবাসীর প্রতিবাদ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন। কয়েকজন স্থানীয় উপজেলা প্রকৌশল বিভাগের তদারকি নিয়ে প্রশ্ন তোলেন এবং কমিশন গ্রহণের অভিযোগ করেন।
স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, নির্ধারিত মানদণ্ড অনুসরণ না করা এবং যথাযথ তদারকির অভাবে সড়কের কাজ নিম্নমানেরভাবে করা হচ্ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত রোববার এলাকাবাসী নির্মাণকাজ বন্ধ করে দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। বুধবার বিকেলে পরিদর্শনের সময় স্থানীয়রা সড়কের বিভিন্ন অংশে তাঁদের অভিযোগের বিষয়গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে তুলে ধরেন। অভিযোগের ভিত্তিতে নির্মাণকাজের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয় এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের গুণগত মান নিশ্চিত করে অনুমোদিত নকশা ও কার্যসূচি (শিডিউল) অনুযায়ী নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা সরেজমিনে এসেছি। কাজের মান নিয়ে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ গ্রহণযোগ্য হবে না। নির্ধারিত মান অনুযায়ী কাজ করতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত