মোহাম্মদ আব্বাস উদ্দিন
চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি গাছ কেটে মহাসড়ক অবরোধের ঘটনায় ৮০ জনকে আসামি করে মামলা করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।
তবে তদন্তের স্বার্থে মামলার বাদী এবং গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়। রায়ের খবর ছড়িয়ে পড়লে উপজেলার বড়দারোগারহাট, বাড়বকুণ্ড, কুমিরা, ভাটিয়ারী ও সোনাইছড়াসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং সড়কে ব্যারিকেড দেওয়া হয়। এ সময় কয়েকটি স্থানে সরকারি গাছ কেটে মহাসড়কে ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। পরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাটা গাছ সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
এ ঘটনায় রাতেই সরকারি গাছ কাটার অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ৮০ জনকে আসামি করা হয়েছে। পরে অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে গ্রেফতার করে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, “সরকারি গাছ কেটে মহাসড়কে ব্যারিকেড দেওয়ার ঘটনায় সওজের পক্ষ থেকে ৮০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে আপাতত বাদী ও গ্রেফতার ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। অভিযান অব্যাহত রয়েছে এবং আরও আসামিকে গ্রেফতার চেষ্টা চলছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত