মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধিঃ
দীর্ঘ এক মাস পর নিজ নির্বাচনী এলাকা রাঙামাটিতে ফিরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নিজের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। বুধবার বিকেলে রাঙামাটি শহরের কাঁঠালতলীস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমি এখনো সংসদ সদস্য আছি। বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। এসব আর বরদাস্ত করা হবে না।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর এক মাস পর এটিই ছিল তার প্রথম রাঙামাটি সফর। এ সময় তাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বক্তব্যে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে দীপেন দেওয়ান বলেন, পাহাড়ি-বাঙালি সবাই ভাই ভাই। আমরা শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রেখে একসঙ্গে বসবাস করতে চাই। বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, "বিএনপিই আমার প্রথম ও শেষ ঠিকানা। তৃণমূলের নেতাকর্মীদের ভালোবাসা ও সমর্থন আমাকে নতুন করে অনুপ্রাণিত করেছে। আমি সবসময় তাদের পাশে থাকব। উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করে তিনি জানান, আগামী দিনে রাঙামাটির প্রতিটি উপজেলায় নিয়মিত সফর করবেন এবং সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সরকারি বরাদ্দ এলাকার উন্নয়নে ব্যয় করবেন।
এর আগে ঢাকা থেকে রাঙামাটিতে ফেরার পথে বেতবুনিয়া, ঘাগড়া ও মানিকছড়িসহ বিভিন্ন স্থানে শত শত নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে শোভাযাত্রা সহকারে তাকে কাঁঠালতলীর দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয়। দীর্ঘদিন পর নেতার উপস্থিতিতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বলে উপস্থিত নেতাকর্মীরা জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত