ফিরোজ আহম্মেদ , টাঙ্গাইল প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় টাংগাইলে ধনবাড়ীতেও ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ধনবাড়ী সরকারি কলেজ সহ অন্যান্য পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস নূরজাহান আক্তার সাথী। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় তিনি ধনবাড়ী সরকারি কলেজ কেন্দ্র এবং অন্যান্য কেন্দ্রে পৌঁছে বিভিন্ন পরীক্ষার কক্ষ পরিদর্শন করেন। এ সময় পরীক্ষার্থীদের উপস্থিতি, আসন বিন্যাস, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের কার্যক্রম, কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক শৃঙ্খলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে ইউএনও কেন্দ্রসচিব, দায়িত্বরত শিক্ষক, কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি শিক্ষা বোর্ডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ, পরীক্ষার্থীদের জন্য নির্বিঘ্ন ও অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে কঠোর অবস্থান বজায় রাখার নির্দেশনা দেন।কেন্দ্র সূত্রে জানা গেছে,ধনবাড়ী সরকারি কলেজ কেন্দ্রের অধীনে উপজেলার ছয়টি প্রতিষ্ঠানে মোট ৭৩৮ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রথম দিনের পরীক্ষায় অধিকাংশ পরীক্ষার্থী নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হয় এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস নূরজাহান আক্তার সাথী বলেন, পরীক্ষার্থীরা যাতে কোনো ধরনের হয়রানি, ভোগান্তি বা প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। শিক্ষক, অভিভাবক, প্রশাসন এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য পরীক্ষা সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী। ধানবাড়ী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বাবুল হাসান বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষা চলাকালে প্রতিটি কেন্দ্র নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো ধরনের অনিয়ম বা অসদুপায় অবলম্বনের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। পাশাপাশি পরীক্ষার্থীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল প্রশাসনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত