মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিদ্যাপীঠ খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ‘সামার-২০২৬’ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগের প্রায় সাড়ে চারশ নবীন শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খাজা ইউনুস আলী এডুকেশনাল অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফ আলী। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান ও শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস অ্যান্ড অ্যাডভাইজার অধ্যাপক ডা. হোসেন রেজা। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড এর প্রেসিডেন্ট এম. মঞ্জুর মাহমুদ, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোস্তফা মাহমুদ হাসান, বায়োমেডিকেল অ্যান্ড লাইফ সায়েন্সেস অনুষদ এর ডিন প্রফেসর ড. ফজলে রাব্বি শাকিল আহমেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদ আকন্দ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু মাত্র একটি ডিগ্রি অর্জনের সময় নয়; এটি মূলত জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনের এক অনন্য ও গুরুত্বপূর্ণ সময়। তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, গবেষণামুখী চিন্তা ও সময়ানুবর্তিতার ওপর জোর দিয়ে নিজেদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে এক বাণীতে বলেন, আজকের এই নবীন শিক্ষার্থীরাই খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় থেকে সুশিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিনব্যাপী আয়োজিত এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের পরিচিতি, পুরাতন ও নবীন শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ এবং নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানটির শেষভাগে বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল অ্যান্ড কালচারাল ক্লাবের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত