মোঃ মাসুম বিল্লাহ, খুলনা প্রতিনিধিঃ
খুলনা মহানগরীর নতুন রাস্তার মোড়ে এনা পরিবহনের কাউন্টারে ঢুকে ইমন নামের এক নবনিযুক্ত স্টাফকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় কাউন্টারের ক্যাশবাক্স থেকে মোটা অঙ্কের টাকা লুটের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পরিবহন কর্তৃপক্ষ।
গত রবিবার মাগরিবের নামাজের পর নতুন রাস্তার মোড় এলাকার এনা পরিবহন কাউন্টারে এই নৃশংস ঘটনা ঘটে। গুরুতর আহত ইমন দিঘলিয়ার বাসিন্দা। আজই তিনি প্রথম দিন স্টাফ হিসেবে এনা পরিবহনে যোগদান করেছিলেন। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কাউন্টার ম্যানেজার জানান, "আমি মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিলাম। নামাজ শেষে কাউন্টারে ফিরে দেখি ইমন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। ঘটনার পর স্থানীয়রা দ্রুত রক্তাক্ত অবস্থায় ইমনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এনা পরিবহনের নতুন রাস্তার মোড় শাখার একজন কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমাদের কাউন্টারের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি হয়েছে। আমরা এই মুহূর্তে বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সাথে কথা বলছি। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মাগরিবের নামাজের সময় কাউন্টার ম্যানেজার মসজিদে থাকার সুযোগে এই ঘটনা ঘটেছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত টাকা উদ্ধারে অভিযান চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা দ্রুত এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত