ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান ডিজিটাল রূপান্তর কর্মসূচিকে আরও একধাপ এগিয়ে নিতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) স্মার্ট প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
এ লক্ষ্যে তিনি সোমবার (৬ জুলাই) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বাহিনীর সার্বিক ডিজিটাল সিস্টেমের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকার রূপরেখা উপস্থাপন করেন। সাক্ষাৎকালে মহাপরিচালক বাহিনীর চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রম এবং AVERP (Ansar VDP Enterprise Resource Planning)-এর কোর ফিচারের প্রতিষ্ঠিত সুবিধাভোগীদের জবাবদিহি ও স্বচ্ছতার ভিত্তিতে সংযুক্তি ও ভবিষ্যৎ সম্ভাবনাগুলো উপস্থাপন করেন। তিনি জানান, AVMIS, APMIS, EMIS, AVJOBS, TRGMS, CRM, STDMS, IADMS ও AVSSO-সহ বিভিন্ন আন্তঃসংযুক্ত স্মার্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বাহিনীর মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, মোতায়েন, ভাতা বিতরণ, জনসেবা এবং যে কোনো আভিযানিক ও সামাজিক কর্মসূচিসহ কর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রম এরই মধ্যে সুবৃহৎ ও বিস্তৃত ডিজিটাল ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।
মহাপরিচালক আরও উল্লেখ করেন যে, প্রায় ৬০ লাখ সদস্যের এই বৃহৎ বাহিনীর ক্রমবর্ধমান ডেটাবেজ এবং বহুমাত্রিক ডিজিটাল ইন্টারঅ্যাকশন ভবিষ্যতে Big Data, Machine Learning (ML), Large Language Model (LLM) এবং Artificial Intelligence (AI) প্রযুক্তি উন্নয়নের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করছে। তিনি বলেন, বাহিনীর নিজস্ব ডেটাভিত্তিক LLM ও AI-চালিত অটোমেশন ব্যবস্থা ভবিষ্যতে স্মার্ট সিদ্ধান্ত গ্রহণ, দক্ষতা বিশ্লেষণ, প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যবস্থাপনা এবং জবাবদিহিমূলক জনসেবা সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। মাননীয় মন্ত্রী উদ্যোগটিকে সময়োপযোগী, উদ্ভাবনী ও ভবিষ্যৎমুখী হিসেবে অভিহিত করেন। তিনি প্রান্তিক পর্যায়ে বিশাল জনগোষ্ঠীর সম্পৃক্ত জনগুরুত্বপূর্ণ এ বিষয়টির সম্ভাব্যতা যাচাই এবং কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি অংশীজনের সমন্বয়ে শিগগির একটি বিশেষ সভা আয়োজনের নির্দেশনা প্রদান করেন। বিশেষজ্ঞদের মতে, আনসার-ভিডিপির বিদ্যমান ডিজিটাল অবকাঠামোর সঙ্গে AI ও LLM প্রযুক্তির সংযোজন কেবল বাহিনীর প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করবে না; বরং জাতীয় পর্যায়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান ব্যবস্থাপনা এবং নাগরিকসেবা আধুনিকায়নের ক্ষেত্রেও একটি কার্যকর মডেল হিসেবে ভূমিকা রাখতে পারে। বাহিনীর ডিজিটাল ব্যবস্হাপনা শীর্ষক এই উপস্থাপনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত