মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। গতকাল (৬ জুলাই) জেলা প্রশাসন, সিরাজগঞ্জ এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), সিরাজগঞ্জের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দিবসের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অন্যান্য বক্তারা গ্রামীণ জনপদের সামগ্রিক উন্নয়নের ওপর বিশেষ জোর দেন। আলোচনা সভায় মূলত টেকসই পল্লী উন্নয়ন ও স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে কয়েকটি সুনির্দিষ্ট বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, দীর্ঘমেয়াদী ও পরিবেশবান্ধব গ্রামীণ অবকাঠামো নির্মাণ, গ্রামীণ যুব ও নারী সমাজের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করে দারিদ্র্যের হার শূন্যে নামিয়ে আনা, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং কুটির ও ক্ষুদ্র শিল্পের প্রসারে সমন্বিত উদ্যোগ গ্রহণ, উন্নয়ন প্রক্রিয়ায় স্থানীয় জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করাই এবারের লক্ষ্য।
বক্তারা আরো বলেন, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল গ্রামই উন্নত বাংলাদেশের মূল ভিত্তি। সেই লক্ষ্য বাস্তবায়নে জেলা প্রশাসন, সিরাজগঞ্জ এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান সমন্বিত ও সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিআরডিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে গ্রামীণ অর্থনীতির এই জোয়ার ধরে রাখতে পারলে ২০২৬ সালের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সহজতর হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত