স্পোর্টস ডেস্কঃ
২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেয়ো। তবে ম্যাচ শুরুর আগেই তার নিয়োগ ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফিফা জানায়, ম্যাচের প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ফাকুন্দো তেয়ো। তার সহকারী হিসেবে থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে। এ ছাড়া চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন দারিও এরেরা এবং রিজার্ভ সহকারী রেফারি থাকবেন ক্রিস্তিয়ান নাভারো। তারা সবাই আর্জেন্টাইন। আর্জেন্টিনা এখনো বিশ্বকাপে শিরোপার লড়াইয়ে থাকায় ফ্রান্সের ম্যাচে একজন আর্জেন্টাইন রেফারিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন উঠেছে। অনেক সমর্থক নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও ফিফা এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি। ফাকুন্দো তেয়ো আন্তর্জাতিক ফুটবলে কঠোর রেফারি হিসেবে পরিচিত। ২০২২ সালে ট্রোফেও দে কাম্পেওনেসের ফাইনালে বোকা জুনিয়র্স ও রেসিং ক্লাবের উত্তপ্ত ম্যাচে গণসংঘর্ষের পর তিনি রেকর্ড ১০টি লাল কার্ড দেখিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন। একই বছর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো ও পর্তুগালের ম্যাচেও তার একটি সিদ্ধান্ত বিতর্কের জন্ম দেয়। ম্যাচের শেষ দিকে মরক্কোর ফরোয়ার্ড ওয়ালিদ চেদ্দিরাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করেন তেয়ো। সেই সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। চলতি বিশ্বকাপেও একাধিক ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক হয়েছে। এমন পরিস্থিতিতে ফ্রান্স-মরক্কোর মতো গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে ফাকুন্দো তেয়োর দায়িত্ব পাওয়া ম্যাচটির প্রতি বাড়তি নজর তৈরি করেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত