মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বন্যাকবলিত কোবাখালী এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। বন্যায় দুর্ভোগে পড়া পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রমও পরিচালনা করছে জোন কর্তৃপক্ষ। বুধবার (৮ জুলাই) দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, এসইউপি, পিএসসি বন্যাকবলিত কোবাখালী এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতি ও প্রয়োজনীয়তার খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন জোন কমান্ডার। তিনি দুর্গত মানুষের পাশে থাকার আশ্বাস দেন এবং চলমান দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর সহায়তা অব্যাহত থাকবে বলে জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কোবাখালী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বহু পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা দুর্গত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করেছে। দীঘিনালা জোন সূত্র জানায়, বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। দুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আরও মানবিক সহায়তা প্রদান করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত