মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব, প্রবীণ রাজনীতিক ও জেলা বিএনপির সাবেক শীর্ষ নেতা মরহুম মির্জা মোরাদুজ্জামানের আজ (১৮ জুলাই) ৩১তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৫ সালের এই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই প্রয়াণ দিবস উপলক্ষে মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদ, মরহুমের পরিবারবর্গ এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্মৃতি সংসদের উদ্যোগে সকাল থেকেই শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচি। সকাল ৮টায় পবিত্র কুরআন খানির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর সকাল ১০টায় মরহুমের কর্মময় জীবনের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সকাল ১০টা ৩০ মিনিটে স্থানীয় মাদ্রাসা ছাত্রদের মাঝে পবিত্র কুরআন শরিফ বিতরণ করা হয়।
বেলা বাড়ার সাথে সাথে কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় মালশাপাড়া কবরস্থানে মরহুম মির্জা মোরাদুজ্জামানের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন স্মৃতি সংসদের সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ। জিয়ারত শেষে পরিবেশের ভারসাম্য রক্ষায় সকাল ১১টা ১৫ মিনিটে কবরস্থান এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরপর দুপুর ২টায় বাদ জোহর মালশাপাড়া মাদ্রাসার ছাত্রদের মাঝে রান্না করা উন্নত মানের খাবার বিতরণ করা হয়। মরহুমের পরিবারবর্গের পক্ষ থেকেও বেশ কিছু ধর্মীয় কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বাদ আসর (বিকাল ৫টায়) বি.এল স্কুল রোড জামে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ এশা অত্র অঞ্চলের মাদ্রাসা ছাত্রদের মাঝে মরহুমের পরিবারের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হবে।
রাজনীতিতে মরহুম মির্জা মোরাদুজ্জামানের অবদানকে স্মরণ করে সিরাজগঞ্জ জেলা বিএনপি আজ বিশেষ কর্মসূচির আয়োজন করেছে। বাদ মাগরিব সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীদের সকল কর্মসূচিতে অংশ নিয়ে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় শরিক হওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত