মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের আধুনিকায়ন, দক্ষ জনবল সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুরে নবনির্মিত ‘তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত এই কেন্দ্রটি চালুর মাধ্যমে স্থানীয় তাঁতশিল্পে এক নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নামফলক উন্মোচনের মাধ্যমে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি। উদ্বোধনের পর এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং অতিথিবৃন্দ নবনির্মিত ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিম রেজা, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, "সরকারের লক্ষ্য দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে আন্তর্জাতিক মানে উন্নীত করা। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।" তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রশিক্ষণ কেন্দ্রটি স্থানীয় তরুণ-তরুণীদের কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং দেশের অর্থনীতিতে তাঁতশিল্পের অবদানকে আরও সুদৃঢ় করবে।
বিশেষ অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেন, সিরাজগঞ্জ দীর্ঘদিন ধরেই দেশের অন্যতম প্রধান তাঁতশিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত। আধুনিক প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি ও দক্ষ জনবল তৈরির মাধ্যমে এই শিল্পকে বর্তমান বাজারের সাথে আরও প্রতিযোগিতামূলক করা সম্ভব। তিনি স্থানীয় তাঁত উদ্যোক্তাদের সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিমুখী শিল্প গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের, ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, মুন্সি জাহেদ আলম, রাশেদুল হাসান রঞ্জন, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ এবং জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল।
এছাড়াও সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান, বাংলাদেশ তাঁত বোর্ডের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ও প্রকল্প পরিচালক সুকুমার চন্দ্র সাহা, লিয়াজোঁ অফিসার অমিত সরকার এবং সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক তাঁতী সমিতির সভাপতি মোঃ আনিছুর রহমান, বাগবাটি ইউনিয়নের প্রাথমিক তাঁতী সমিতির সভাপতি মোঃ রফিকুল আলমসহ তাঁত বোর্ডের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, তাঁত উদ্যোক্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বাংলাদেশ তাঁত বোর্ডের কর্মকর্তাদের মতে, এই প্রশিক্ষণ কেন্দ্রটি চালুর ফলে স্থানীয় তাঁতীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা গড়ে উঠবে। এটি নতুন উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়াতে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তেমনি দেশ-বিদেশের বাজারে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত পণ্যকে আরও প্রতিযোগিতামূলক ও সমৃদ্ধ করে তুলতে কার্যকর অবদান রাখবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত