বিনোদন ডেস্কঃ
দীর্ঘ এক বছরেরও বেশি সময় লন্ডনে চিকিৎসা নেয়ার পর দেশে ফিরছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় সোমবার (৩ আগস্ট) সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স। তথ্যটি নিশ্চিত করেছেন ‘নিরাপদ সড়ক চাই’র ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ।
লিটন এরশাদ বলেন, এতদিন চিকিৎসা চললেও উন্নতি হয়নি। পরিবার লন্ডনের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। অন্যদিকে দীর্ঘদিন বিদেশে থাকার পর অভিনেতাও দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। তাই পরিবারের সিদ্ধান্তে কয়েক দিনের জন্য তাকে দেশে আনা হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের এপ্রিলে চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। একই বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তবে জটিলতা ও ঝুঁকির কারণে টিউমারের বড় একটি অংশ অপসারণ করা সম্ভব হয়নি। এরপর থেকেই নিয়মিত কেমোথেরাপি চলছে।
বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন ‘বেদের মেয়ে জোছনা’ সহ বহু ব্যবসাসফল ও প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও একুশে পদক অর্জন করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত