শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একটি গ্যারেজে থাকা অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সাতক্ষীরা সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাৎক্ষনিক উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফায়ার স্টেশনে রাত ৯টায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম এবং সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ সাইফুজ্জামান (বিএফএম) জানান, হাসপাতাল বিল্ডিংয়ের পশ্চিম পাশে গ্যারেজে অ্যাম্বুলেন্সটিতে দাউ দাউ করে আগুন জ্বলছিল।
অ্যাম্বুলেন্সটির পাশেই বিভিন্ন আকারের বেশ কিছু অক্সিজেন সিলিন্ডার সংরক্ষিত ছিল। সিলিন্ডারগুলোর উপস্থিতির কারণে আগুনের তীব্রতা ও ধোঁয়া স্বাভাবিক রূপ হারিয়ে ভিন্ন রূপ ধারণ করেছিল।
ঝুঁকিপূর্ণ পরিস্থিতির বিষয়টি অনুধাবন করে ফায়ার সার্ভিস সদস্যরা পানির পরিবর্তে বিশেষ 'ফোম' ব্যবহার করার সিদ্ধান্ত নেন। ফোম ব্যবহারের ফলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরও জানান, প্রাথমিক পর্যবেক্ষণে একটি অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা কিছু ব্যাটারি, অক্সিজেন সিলিন্ডার ও অ্যাম্বুলেন্স গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ছ ৭১-৩০০ অ্যাম্বুলেন্সসহ এবং গ্যারেজ বিল্ডিংয়ের কাঠামোগত কিছু ক্ষতি দৃশ্যমান হয়েছে।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদা গণমাধ্যমের ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত