মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সম্প্রতি দেশজুড়ে হঠাৎ করে বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার অভিযোগ এনেছেন সাধারণ গ্রাহকরা। অস্বাভাবিক এই ‘ভুতুড়ে বিল’ নিয়ে গ্রাহকদের অসন্তোষ যখন চরম আকার ধারণ করেছে, ঠিক তখনই দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারির একটি ফেসবুক স্ট্যাটাস বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে ড. আজহারি লেখেন, হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ বিলও বেড়েছে অস্বাভাবিকভাবে। পরিচিত অনেকেরই একই অভিযোগ। আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
ড. আজহারিসহ সাধারণ মানুষের এ ধরনের অভিযোগের জবাবে গতকাল ০৩ আগস্ট বিদ্যুৎ বিভাগ থেকে একটি স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে বিজ্ঞপ্তিতে ভুক্তভোগীদের সান্ত্বনা বা আশ্বাসের বদলে কঠোর সতর্কবার্তা দেয় বিদ্যুৎ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অন্যায়ভাবে অপপ্রচার চালাচ্ছে। বিদ্যুৎ বিভাগ এর তীব্র প্রতিবাদ জানিয়ে দাবি করে—আগে পাওয়া সকল অভিযোগ ইতোমধ্যে সমাধান করা হয়েছে। প্রমাণ ছাড়া অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য বা বিভ্রান্তি ছড়ালে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিদ্যুৎ বিভাগের এমন হুশিয়ারিমূলক বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে আসা মাত্রই তা আগুনে ঘি ঢালার মতো কাজ করে। গ্রাহকদের বক্তব্য—নিজের পকেটের অতিরিক্ত টাকা কেটে নেওয়া এবং বাস্তবে ভোগান্তির শিকার হওয়ার পর কথা বলতে গেলেও আইনি ব্যবস্থার হুমকি দেওয়া অনভিপ্রেত। ফলে বিজ্ঞপ্তির পরপরই নেটিজেনরা ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে বিদ্যুৎ বিভাগের সমালোচনা করে ক্ষোভের ঝড় তোলেন।
সামাজিক মাধ্যমে সাধারণ মানুষের চরম অসন্তোষ ও নজিরবিহীন প্রতিবাদের মুখে পড়ে ব্যাকফুটে চলে যায় বিদ্যুৎ বিভাগ। ক্ষোভের তীব্রতা বুঝে বিজ্ঞপ্তি প্রকাশের মাত্র ঘণ্টাখানেকের ব্যবধানেই বিজ্ঞপ্তির ভাষা সংশোধন করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
সংশোধিত বিজ্ঞপ্তিতে কঠোর আইনি ব্যবস্থার নজির তুলে নিয়ে নমনীয় ভাষায় জানানো হয়, গ্রাহকদের অতিরিক্ত বিল সংক্রান্ত যেকোনো সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণসহ জমা দিলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যুৎ বিভাগের এমন দ্রুত পিছু হটাকে সাধারণ মানুষের ক্ষোভের জয় হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। সচেতন মহলের মতে, বিলের ভুলভ্রান্তি ও অনিয়ম ঢাকার বদলে গ্রাহকদের ভোগান্তি নিরসনে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়া প্রয়োজন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত